নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে মা-বাবাদের সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া নামে (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অযুফাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সকালে শিশুদের খেলাকে কেন্দ্র করে একই গ্রামের একইপাড়ার দুই পরিবারের মায়েদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিরোধ বাড়তে থাকলে পরবর্তীতে শিশুদের বাবারা যুক্ত হন। এ নিয়ে জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এতে জামাল মিয়া আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই সুজন মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুজন মিয়ার স্ত্রী অযুফা আক্তারকে ধরে পুলিশে সোপর্দ করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




