শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে, বুধবার রাতে উপজেলার বুরুংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. সামিউল হক (২৪) ও রাবিয়া খাতুন (৩৬)। তারা দুইজনই ঢাকা জেলার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে মিজানুর রহমানের সন্তান।
বিজিবি জানায়, বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি টহল দল সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চালায়। এ সময় সীমান্ত পিলার ১১১২ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে বুরুংগা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুইজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার এসআই হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।





