ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩-এ| শনিবার (৩০ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন|
হাসপাতাল সূত্র জানায়, মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স চার মাস| কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ওই শিশুটি গত ২৩ মে সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়| অপর শিশুটির বয়স তিন মাস ১৫ দিন| যার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়| তাকে গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল| চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যায়| চিকিৎসকরা জানান, দুই শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, যা তাদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে|
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে| বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু|
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ১,৭০৮ শিশু হাম নিয়ে চিকিৎসা নিয়েছে| এর মধ্যে ১,৫৪৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে|
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন|




