ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১৭টি ে ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে প্রশাসন| এ ঘটনায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে|
সোমবার (১১ মে ) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রীজ এলাকা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়| অভিযানকালে বালু দস্যুরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে অবৈধ ১৭টি ড্রেজার মেশিন গুড়িয়ে দেওয়া হয়| এ সময় জেলা পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন|
অভিযানের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, ‘ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে| নদী খননের নামে বালু বিক্রি বা খনন কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না| তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক সৌন্দর্য ও যৌবনের তরঙ্গ আমরা আগের মতো ফিরে পেতে চাই| নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|’
এদিকে প্রশাসনের এই অভিযানের সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ| তারা বলেন, শুধু অবৈধ ড্রেজারের বালু বন্ধ করে সুফল আসবে না| এখানে নদী খননের বালু যাদের ইজারা দেওয়া হয়েছে তাদের ইজারা মেয়াদ শেষ হলেও তারা এখনো নদীর বালু বিক্রি করছে| পাশাপাশি এ চক্রটি ইজারা মেয়াদ বাড়ানোর জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সঙ্গে তদবিরে ব্যস্ত রয়েছে| এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান|





