ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে যাওয়ার সড়ক কর্দমাক্ত থাকায় এবারে ঈদুল আজহায় দর্শনার্থী কম। এই বনের মূল আকর্ষণ সাড়ে তিন শতাধিক বানর। ঈদের আগে সড়কটি পাকা করার জন্য কেটে ফেলায় বর্যার কারণে এ বিপত্তি দেখা দিয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলার সাড়ে তিন হাজার একরের সংরক্ষিত সন্তোষপুর বনাঞ্চলে রয়েছে সাড়ে তিন শতাধিক বানর। খাবারের অভাবে বানরগুলো সামাজিক বনে যাওয়ায় দর্শনার্থীরা বানরগুলো দেখতে এসে ছবি তুলে, ভিডিও করে। শালগজারি বনের প্রাকৃতিক সৌন্দর্ষ উপভোগের পাশাপাশি এক হাজার একরের রাবার বাগান ঘুরে দেখে আনন্দ পান দর্শনার্থীরা।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার বিকালে সন্তোষপুর বনে গিয়ে দেখা গেছে, কান্দুর বাজার থেকে আসা সড়কটি বনের অংশে ইট বিছানোর কাজ করার জন্য মাটি কেটে গর্ত করে রাখা হয়েছে। বালু না দেখায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবার ঈদে দর্শানার্থী এসেছে কম।
দোকানি মকবুল হোসেন জানান, ঈদুল ফিতরের সময় উপচেপড়া ভিড় ছিল দর্শনার্থীর। সড়ক যোগাযোগ খারাপ থাকায় এবার দর্শনার্থী এসেছে কম।
সস্ত্রীক টাঙ্গাইলের সখিপুর থেকে আসা দর্শনার্থী সবুজ জানান, সড়ক যোগাযোগ খারাপ থাকায় হেটেই বনে আসা যায় না। সরকারের উচিত প্রাকৃতিক বনে দর্শানার্থীদের জন্য আরও সুযোগ সুবিধা দেওয়া।
কেশরগঞ্জ থেকে আসা শিক্ষার্থী পারভেজ জানায়, সারা বছর এখানে দর্শনার্থীর ভিড় থাকে। দুই ঈদে বসে দোকানপাট। এবার সড়ক যোগাযোগ খারাপ থাকায় মানুষ এসেছে কম।
বানর কেন্দ্রিক প্রাকৃতিক বিনোদন কেন্দ্র সন্তোষপুর বনে এবার ঈদে ব্যবসায় ধস| বছরের দুই ঈদে বাইরে থেকে ভ্রাম্যমাণ দোকানীরা পসরা সাজিয়ে বসেন বনে|
এবার কান্দুর বাজার থেকে বনবিট সড়ক পাকাকরণের জন্য গর্ত করায় অতিবৃষ্টিতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে| সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়াই দুস্কর এখন|





