ময়মনসিংহে সন্ধ্যার আগেই কুরবানির পশুর বর্জ্য অপসারণ করে নজীর সৃষ্টি করেছে সিটি করপোরেশন।
ঈদুল আযহা উপলক্ষে নগরীতে অসংখ্য পশু কুরবানি দিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী নগরবাসী। বেশির পশু কুরবানি করা হয় রাস্তায়। এসব পশুর বর্জ্য অপসারণ করতে সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন নগরবাসীকে যথাস্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছিলেন।

তিনি ঘোষণা করেছিলেন সন্ধ্যা ৬টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। বিকেল তিনটায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করতে ৮০০ পরিচ্ছন্নতা কর্মীকে নির্দেশ দেন। কিন্তু সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৫টার মধ্যে বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা পেয়ে সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন দুপুর তিনটার পরিবর্তে দুপুর বারোটায় বর্জ্য অপসারণে মাঠে নেমে যান।

পরিচ্ছন্ন নগরী গড়তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন সরাসরি বিভিন্ন ওয়ার্ড ও সড়কে উপস্থিত থেকে কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি ও অংশগ্রহণ করেন। তিনি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে থেকে দ্রুত বর্জ্য অপসারণে কাজ করেন।

এ সময় নগরবাসীর স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। সিটি প্রশাসকের সরাসরি তদারকিতে সন্ধ্যার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।





