টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়ের করা অপহরণ মামলার ভিকটিমকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় মামলার প্রধান আসামি ইয়ামিন (২৫)কে গ্রেফতার করা হয়।
রোববার (১০ মে) রাত দেড়টার দিকে ভালুকা উপজেলার ডাকাতিয়া ঢালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৭ এপ্রিল দায়ের করা এজাহার সূত্রে জানা যায় অভিযুক্ত ভিকটিমের নিকটাত্মীয়। সে নিয়মিত ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। বিষয়টি জানার পর ভিকটিমের পরিবার তাকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা করে।
এ প্রেক্ষিতে গত ২০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম বাড়ির বাইরে গেলে অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখিয়ে সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভিকটিমের মা বাদী হয়ে কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ মে) রাত দেড়টার দিকে ভালুকা উপজেলার ডাকাতিয়া ঢালুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





