ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়িতে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মুক্তাগাছা উপজেলার একটি ঔষধের দোকানে চাকরি করতো। নেশা করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
নিহত বিজন বর্মণের জ্যোঠাতো ভাই ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে মাদকাসক্ত বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যায়। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে সে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয় বলে স্থানীয় লোকজন দেখতে পায়। এরপর আর বাড়ি ফিরেনি। গতকাল শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
এরপর রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানার সাথে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিজনের মরদেহ সনাক্ত করে। বিজন বর্মন ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের পুত্র। দুই ভাই ও এক বোনের সংসারে সে ছোট ছেলে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অপর ভাই ধীরেন্দ্র বর্মন ঔষধ ব্যবসায়ী।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া হত্যাকান্ডের কারন অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।





