ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিল ও বহনে ব্যবহৃত একটি সিএনজিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার ধানীখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর জেলার বাসিন্দা মো. সোলাইমান কবির (৪৩) ও মো. নজরুল ইসলাম (২৫)।
র্যাব জানায়, বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ধানীখোলা বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের কাছে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





