ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুরে নদীতে নিখোঁজ এক শিশু ও কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে। গতকাল ৪ টার দিকে বাড়ির পাশে পাশের মালঝি নদীতে পড়ে যায় শিশুটি। আজ সকাল ৭ টার দিকে মালিঝি নদী থেকে মরিয়মের মরদেহ দেহ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে জেলার গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মুকরামিন হাসান (২৩)। তিনি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।





