সারাদেশের ন্যায় ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার (১৯ মে) ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন| এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ| এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান |
ভূমি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া| এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন| মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ , মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন|
ভূমিসেবা মেলা উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়| র্যালির পর অনুষ্ঠানের উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন|





