বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক, ফুলপুরের সুজাউদ্দিন সুজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, বুধবার রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুজাউদ্দিন সুজা ছাত্ররাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন সর্বস্তরের লোকজন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, 'আমি শোকাহত। গত ১৬ই মে ২০২৬ সুজার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়। নান্দাইলে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সুজা সেই ফুলপুর থেকে নান্দাইল আসে আমার অনুষ্ঠানে যোগদানের জন্য। সাথে ছিল তার সহযোদ্ধা ভাইয়েরা। পরিশ্রমি এই নেতার মৃত্যুতে ময়মনসিংহ ছাত্রদল একটি অকুতোভয় সৈনিক কে হারালো। আমি তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার এবং তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।'





