ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর এক লড়াইয়ে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। কিক অফের মাত্র ১১ সেকেন্ডের মাথায় আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে এগিয়ে যাওয়া, এরপর বারবার পোস্টের বাধা, মাঝে মালদ্বীপের দারুণ কামব্যাকে সমতা, সব রোমাঞ্চ ছাপিয়ে শেষ পর্যন্ত সুরভি আকন্দ প্রীতি ও কোহাতি কিসকুর গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন দলের ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতেরও। আগামী রোববার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে তাদেরই মুখোমুখি হবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে গোয়ায় আসা বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে হারানোয় এই ম্যাচে ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত, তাই বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এদিন ইনজুরির কারণে অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার মনিকা চাকমা খেলতে না পারলেও অভিষেক হয়েছে মিডফিল্ডার মোমিতা আক্তার ও ডিফেন্ডার সুরভি আক্তার আরফিনের।
গোয়ার গ্যালারিতে এদিন শুরুর বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে মাতে বাংলাদেশ। প্রথম আক্রমণ থেকেই, ঋতুপর্ণা চাকমার নিখুঁত নিচু ক্রস থেকে বল জালে জড়ান সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা। ৩ মিনিটে ঋতুপর্ণার কর্নার দূরের পোস্টে না লাগলে তখনই ব্যবধান বাড়তে পারত। চাপ ধরে রেখে ১২ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের একটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৮ মিনিটে তার আরেকটি শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। তবে ৩৪তম মিনিটে এই শামসুন্নাহারের ক্রসেই জোরালো শটে ব্যবধান ২-০ করেন উমহেলা মারমা।
প্রথমার্ধের শেষ দিকে হঠাৎ খেই হারায় বাংলাদেশের রক্ষণভাগ। ৪১তম মিনিটে মাঝমাঠ থেকে তৈরি হওয়া এক আক্রমণ থেকে গোললাইন ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করেন মালদ্বীপের মারিয়াম নুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫ মিনিটের মাথায় ডিফেন্ডার আফঈদা খাতুনের মারাত্মক ভুলে বল পেয়ে মালদ্বীপকে ২-২ গোলে সমতায় ফেরান উইঙ্গার আমিনাথ ফাজলা। পয়েন্ট হারানোর এমন শঙ্কার মুখেই উমহেলা ও আনিকাকে তুলে শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুনকে মাঠে নামান কোচ পিটার বাটলার।
৬৪ মিনিটে ঋতুপর্ণার ক্রস মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে গেলে নিখুঁত শটে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন প্রীতি। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে ঋতুপর্ণার ফ্রি-কিক থেকে হেডে জাল কাঁপিয়ে ৪-২ গোলের স্বস্তির জয় নিশ্চিত করেন কোহাতি কিসকু। এদিন গোয়ার খাঁ-খাঁ গ্যালারিতে বাংলাদেশের মেয়েদের একঘেয়েমি কাটাতে গলা ফাটিয়েছেন একই হোটেলে থাকা ছয় রাশিয়ান পর্যটক। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মারিয়াদের সাহস জুগিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছেন ভলিবল খেলার সুবাদে ঋতুপর্ণাদের বন্ধু বনে যাওয়া এই বিদেশিরা।




