ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পরও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার পূর্ব নিশ্চিন্তপুর (দিগারকান্দা) এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।
এলাকাবাসী জানায়, গত ১৩ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রফিকুল ইসলাম ১৭ বছর বয়সী ওই প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় গত ১৫ আগস্ট হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত রফিকুল ইসলাম বিভিন্নভাবে ওই পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন।
অভিযোগকারী মো. আলাল উদ্দিন জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে তিনি ভুক্তভোগীর স্বজনদের অবহিত করে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ভুক্তভোগীর নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
মানববন্ধনে অংশ নেওয়া মাইন উদ্দিন বলেন, ‘অভিযুক্ত রফিকুল ইসলাম এর আগেও তার মামির সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছেন। তার পিতা আব্দুল জব্বার বীর মুক্তিযোদ্ধা হওয়ার দাপট দেখিয়ে তিনি ওই ঘটনা দামাচাপা দিয়ে বিদেশ চলে যান। বিদেশ থেকে ফিরে আবার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন। আমরা রফিকুলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবি জানাই।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম বলেন, ‘আমরা আসামিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি।আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।’







