ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া আক্তার (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন (৫২) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার হালুয়াঘাট উপজেলার কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার সময় শিশুটি তার দাদি সনি খাতুনের কোলে ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া তার মা ও দাদির সঙ্গে সিএনজিযোগে হালুয়াঘাটের উদ্দেশ্যে ভরাডোবা এলাকার দিকে যাচ্ছিল। পথে নারাঙ্গী চৌরাস্তা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয় এবং তার দাদি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত সনি খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যান। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





