বাসস : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ৩ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেটে টাইগারদের সংগ্রহ ১৬৮ রান। প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান করেছিল স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে খালি হাতে বিদায় নেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিদ হাসান ও মোমিনুল হক। ভালো শুরু করেও তানজিদ ২৬ ও মোমিনুল ২২ রানে আউট হন। দু’জনই ৩টি করে চার মারেন।
৬৩ রানে ৩ উইকেট পতনের পর ৪৩ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ২৯ ও মুশফিক ২৩ রানে আউট হন।
এরপর মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত ৪ রানে ফিরলে, তাইজুল ইসলামকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান লিটন দাস। তাইজুল ১১ ও লিটন ৪২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ ৩টি করে উইকেট নেন।





